Sylhet Today 24 PRINT

মালদ্বীপের সঙ্গে চার এমওইউ-চুক্তি সই

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০২১

দ্বি-পাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে তিনটি এমওইউ ও একটি চুক্তি সই হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মালদ্বীপ প্রেসিডেন্টের দপ্তরে এগুলো সই হয়।

স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর, যুব ও ক্রীড়া বিষয়ে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) ও একটি চুক্তিতে সই হয়।

শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র মধ্যে দ্বি-পক্ষীয় আলোচনা শেষে উভয় নেতার উপস্থিতিতে প্রেসিডেন্টের কার্যালয়ে এসব এমওইউ ও চুক্তি স্বাক্ষরিত হয়।

দ্বৈত কর পরিহার চুক্তিসহ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) সমঝোতা স্মারক এবং উভয় দেশের যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ।

এর আগে প্রধানমন্ত্রী মালেতে প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেন। এ সময় শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান ও গান স্যালুট দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

প্রধানমন্ত্রী উভয় দেশের ‘লাইন অব প্রেজেন্টেশন’ও পরিদর্শন করেন।

শেখ হাসিনা প্রেসিডেন্টের কার্যালয়ে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে ফটোসেশনে অংশ নেন।

প্রধানমন্ত্রী গতকাল বুধবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিশেষ ফ্লাইটে প্রথমবারের মতো ছয় দিনের দ্বিপাক্ষিক সফরে মালদ্বীপের রাজধানী মালে পৌঁছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.