Sylhet Today 24 PRINT

সুগন্ধায় লঞ্চে আগুন: মালিক হামজালাল শেখ গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০২১

ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০–এর মালিক হামজালাল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে এলিট ফোর্সটি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লঞ্চে আগুন লাগার পর থেকে কেরানীগঞ্জে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন হামজালাল। গোপন খবরের মাধ্যমে র‌্যাব সদস্যরা সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। পরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। আগুনে পুড়ে ও নদীতে ঝাঁপ দিয়ে অন্তত ৪১ যাত্রী নিহত হন। এখনো নিখোঁজ আছেন অনেকে।

অগ্নিকাণ্ডের পর থেকে আত্মগোপনে চলে যান লঞ্চটির মালিক। গতকাল রোববার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.