Sylhet Today 24 PRINT

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, ঘুমন্ত দম্পতি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে ঢুকে উল্টে গিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাদের নাতি ও নাতনি।

সোমবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সীমান্ত এলাকার গারোহাড়ি ডাংধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।

আহত নাতি মিনাজ (১৬) ও নাতনি মমতাজকে (৮) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোহাব্বত কবীর জানান, সারবোঝাই একটি ট্রাক জামালপুর থেকে কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিল। ভোর ৪টার দিকে ঢাকা-রৌমারী সড়কে উপজেলার সীমান্ত এলাকার গারোহাড়ি ডাংধরা গ্রামে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কৃষক জয়নালের বসতঘরে ঢুকে যায়।

এতে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের ঘরে ঘুমিয়ে থাকা তার নাতি ও নাতনিও আহত হয়। এ ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-রৌমারী সড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.