Sylhet Today 24 PRINT

সুগন্ধা ট্র্যাজেডি: লঞ্চের দুই মাস্টারের আত্মসমর্পণ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০২১

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় নৌআদালতে আত্মসমর্পণ করেছে লঞ্চটির দুজন মাস্টার। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটিং অফিসার বিল্লাল হোসাইন।

তিনি জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে তারা জামিনের আবেদন নিয়ে নৌআদালতে আত্মসমর্পণ করেন। তবে আদালত তাদের আবেদন নামঞ্জুর করেছেন।

গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে মাঝনদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের বেশি যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৭০ জনের বেশি, অনেকেই নিখোঁজ বলে স্বজনরা জানিয়েছেন।

গত রোববার অগ্নিকাণ্ডের ঘটনায় নৌআদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম।

নৌপরিবহন অধিদপ্তরে অবস্থিত নৌআদালতে মামলাটি করেন অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান।

মামলার আসামিরা হলেন লঞ্চটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক হামজালাল শেখ, শামিম আহম্মেদ, রাসেল আাহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি, লঞ্চের ইনচার্জ মাস্টার রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।

গতকাল লঞ্চটির অন্যতম মালিক হামজালাল শেখকে কেরানীগঞ্জের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.