Sylhet Today 24 PRINT

ক্র্যাবের নির্বাচনে সভাপতি তমাল, সম্পাদক বিকু

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০২১

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান বিকু।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে জয়লাভ করেন তারা।

রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে দিনভর এই ভোট উৎসবে মোট ২৮৯ ভোটের মধ্যে ২৭১ ভোট পড়েছে। এর মধ্যে মির্জা মেহেদী তমাল প্রায় অর্ধেকের বেশি ১৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়া দিগন্ত’র আবু সালেহ আকন পেয়েছেন ৭৭ ভোট ও দৈনিক আমাদের সময়ের মিজান মালিক পেয়েছেন ৫২ ভোট।

আগামী এক বছরের জন্য নির্বাচিত কার্যনির্বাহী এই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান বিকু। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুর রশীদ পেয়েছেন ১১৬ ভোট এবং উমর ফারুক আলহাদী পেয়েছেন ২৩ ভোট।

সহ-সভাপতি হিসেবে ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুহ. জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন আবদুল বারী পেয়েছেন ১০৩ ভোট ও নিত্য গোপাল ভুতু পেয়েছেন ৫২ ভোট।

এছাড়া, যুগ্ম সম্পাদক পদে ইমরান হোসেন সুমন ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান-উ-জামান ৭০ ভোট ও আব্দুল লতিফ রানা ৫৯ ভোট পেয়েছেন।

অর্থ সম্পাদক পদে সাইফুল ইসলাম মন্টু ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছের ১১৯ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র রাসেল সর্বোচ্চ ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এস এম ফয়েজ পেয়েছেন ১০৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক হিসেবে আতাউর রহমান, দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম মিন্টু হোসেন কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময়, আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে ৩টি পদের বিপরীতে মো. আমানুর রহমান রনি, মোহাম্মদ জাকারিয়া ও সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ক্রম নির্ধারণের এই পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের রায়ে প্রথম কার্যনির্বাহী সদস্য হিসেবে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আমানুর রহমান রনি। এছাড়া, সিরাজুল ইসলাম ১৬১ ভোট পেয়ে দ্বিতীয় এবং মোহাম্মদ জাকারিয়া ৭৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

ক্র্যাব নির্বাচন পরিচালনা কমিটি -২০২২ এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন পারভেজ খান। পরে রাত ৯টার দিকে ভোটগণনা শেষে তিনি ফলাফল ঘোষণা করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.