Sylhet Today 24 PRINT

প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২২

রাজধানীর উত্তরায় প্রেমিকের হাত-পা বেঁধে ও মারধর করে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে ২৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে গণধর্ষণের শিকার হন তরুণী। এই ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন- সোহেল রানা, মো. জয়নাল আবেদীন, মঈনুল হোসেন, সুমন আলী ও মাসুম আলী।

উত্তরা পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, মোবাইলের মাধ্যমে পরিচয়ের পর গত ২৪ ডিসেম্বর ভিকটিম তরুণী ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্মাণ শ্রমিক জহিরুলের সঙ্গে দেখা করতে উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টরের ২নং রোডের ৪নং নির্মাণাধীন বাসায় আসে। পরদিন ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় নির্মাণাধীন বাসায় পাঁচজন নির্মাণ শ্রমিক জহিরুলকে হাত-পা বেঁধে মারধর করে এবং ভিকটিমকে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে ৩০ ডিসেম্বর উত্তরা পূর্ব থানায় সংঘবদ্ধ ধর্ষণের মামলা হয়। মামলাটি তদন্ত শুরু করে থানা পুলিশ।

ওসি আরও বলেন, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযুক্ত সোহেল ও জয়নালকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মঈনুল, সুমন ও মাসুমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.