Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত হামিদ দম্পতি, হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২২

প্রখ্যাত সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ম হামিদ এবং অভিনয়শিল্পী-নির্মাতা ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি ফাল্গুনী হামিদ দম্পতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাচসাস-এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু।

তিনি জানান, সদ্য বিদায়ী বছরের ৩০ ডিসেম্বর হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ম হামিদ। তারপরদিনই একই হাসপাতালে ভর্তি হন ফাল্গুনী হামিদ। তারা দু’জনেই করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসতাপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে আছেন।

বাবু বলেন, সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, দুজনেই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, ম হামিদ ও ফালগুনী হামিদ যেন দ্রুত করোনা নেগেটিভ হয়ে বাড়ি ফিরে স্বাভাাবিক জীবনে ফিরে আসতে পারেন। বাচসাস পরিবারের সকল সদস্যদের পাশাপাশি দেশবাসির কাছে তাদের দু’জনের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।

প্রসঙ্গত, নাট্যকার ও নাট্যব্যক্তিত্ব ম হামিদ ২০১২-২০১৪ সালে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তাও ছিলেন তিনি। নাট্যচক্র নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সরকার নাটকে অবদানের জন্য ২০১৮ শিল্পকলা পদক প্রদান করেছে।

অন্যদিকে, অভিনেত্রী, নাট্যকার, পরিচালক ও প্রযোজক ফাল্গুনী হামিদ বর্ণাঢ্য কর্মময় জীবনে বাংলাদেশ শিশু একাডেমী এর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালের ২৪ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের কন্যা জনপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.