Sylhet Today 24 PRINT

দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২২

প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু রয়েছে। শনিবার (১ জানুয়ারি) বিকেলে জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নীলসাগর ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায়। কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

এ সময় গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মৌচাক স্টেশনে অপেক্ষায় থাকা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের ইঞ্জিনের সাহায্যে বিকল ইঞ্জিনটি কালিয়াকৈর হাইটেক স্টেশনে নিয়ে এলে শনিবার (১ জানুয়ারি) দুপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ইঞ্জিন বিকল হলে মেইন লাইন ব্লক হয়ে যায়। এ সময় মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা ট্রেন কয়েক শ যাত্রী নিয়ে আটকা পড়েছিল।

তিনি আরও জানান, ঢাকা থেকে আরেকটি ইঞ্জিন রওনা হয়েছে। সেটি আসার পর নীলসাগর ট্রেনটি সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.