Sylhet Today 24 PRINT

ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে গেল ট্রেনের ৪ বগি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০২২

দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনের ৪ টি বগি রেললাইনের পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে গেছে।

দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের অদূরে যশাই রেলক্রসিংয়ে আজ বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রেনের চালক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বুধবার দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটির বুধবার সাপ্তাহিক ছুটি ছিল। তাই ভোরে ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে দিনাজপুর থেকে যাচ্ছিল। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালুবোঝাই ডাম্প বিকল হয়ে পড়ে।

ঘন কুয়াশা থাকার ফলে ট্রেনটি সজোরে বালুর ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের পেছনে থাকা ৪টি বগি পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে যায়। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগড়মুখী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.