Sylhet Today 24 PRINT

মানিকগঞ্জে নির্বাচনী সহিংসতা, প্রাণ গেল নারীর

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০২২

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ছলেমন খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ওই নারীর প্রাণহানির ঘটনা ঘটে।

ছলেমন খাতুন উপজেলার বাচামারা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।

জানা গেছে, বুধবার দুপুরের দিকে ছলেমন খাতুন ভোট দিতে বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে যান। এ সময় ৫ নং ওয়ার্ডের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে ওই নারী হার্ট অ্যাটাক করেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল হাসান বলেন, বাচামারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই নারী ভোট দিতে কেন্দ্রে আসেন। সংঘর্ষের কবলে পড়ে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেলে তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.