Sylhet Today 24 PRINT

টিকা সনদ ছাড়া শপিং-ভ্রমণ নয়

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসের অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় টিকার সনদ ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না এবং শপিং মলে যাওয়া যাবে না। এ সনদ না থাকলে বিমান, ট্রেন এবং লঞ্চেও চলাচল করা যাবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রীসভা বৈঠকের পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘করোনার টিকার প্রথম ডোজ না নিলে ১২ বছরের ঊর্ধ্বের শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না। এছাড়াও মাস্ক ছাড়া বাইরে যেতে পারবেন না কেউ।’

মন্ত্রীপরিষদ সচিব বলেন, ‘টিকাদান কার্যক্রম অবশ্যই শক্তিশালী করতে হবে এবং বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রমও অবশ্যই বাড়াতে হবে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে গণপরিবহনে অর্ধেক সিট ফাঁকা রেখে যাত্রী চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ভাড়া বাড়ানো যাবে না। এটি পরিবহন সংশ্লিষ্টদের বলে দেওয়া হবে।’

এ ছাড়াও সভা-সমাবেশ এবং সামাজিক অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখতে হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.