Sylhet Today 24 PRINT

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যেতে চাই: শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০২২

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন করে করোনা পরিস্থিতি বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ করে দিলে কত দিনে আবার সচল করা সম্ভব হবে তা অনিশ্চিত। সে কারণে আমরা চাই ভ্যাক্সিনেশনের আওতায় শিক্ষার্থীদেরকে এনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যেতে।’

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না করে কীভাবে চালু রাখা যায় তাই ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বলেছেন, এ জন্য করোনাপ্রতিরোধী টিকা কার্যক্রমে জোর দেয়া হচ্ছে।

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর ইমপেরিয়াল কলেজের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। নতুন করে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার। এ কারণে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের ওপর জোর দেয়া হচ্ছে। তবে এখনই এর আওতায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আনা সম্ভব হচ্ছে না।

দীপু মনি জানান, ১২ বছর বয়স থেকে ভ্যাক্সিনেশনের আওতায় শিক্ষার্থীদের আনা সম্ভব হলেও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এর আওতায় আনা সম্ভব হচ্ছে না। তাই তাদের নিয়ে বেশি উদ্বেগ রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘নতুন করে করোনা পরিস্থিতি বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ করে দিলে কত দিনে আবার সচল করা সম্ভব হবে তা অনিশ্চিত। সে কারণে আমরা চাই ভ্যাক্সিনেশনের আওতায় শিক্ষার্থীদেরকে এনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যেতে।’

২০২৫ সাল থেকে চালু হতে যাওয়া নতুন কারিকুলাম নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘নতুন কারিকুলাম হবে দক্ষতা নির্ভর। শুধুমাত্র পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষাব্যবস্থা নয়। শিক্ষা হতে হবে দক্ষতা নির্ভর, যা শিখছি তা যেন আমরা প্রয়োগ করতে পারি।

‘শিখলাম, পরীক্ষা দিলাম আর ভুলে গেলাম এতে কোনো লাভ নেই। আমাদের সমস্যা সমাধান করতে শিখতে হবে, তার সঙ্গে সততা, মানবিকতা ও দেশপ্রেম থাকতে হবে। না হলে অর্জিত শিক্ষার কোনো মূল্য থাকবে না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.