Sylhet Today 24 PRINT

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০২২

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া কৃষ্ণস্বদা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে মকবুল হোসেন ওরফে সালাউদ্দিন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৬ নম্বর পিলারের ১এস (মেইন পিলার) এর কাছে এ ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন ওরফে সালাউদ্দিন সাপাহার উপজেলার ২ নম্বর গোয়ালা ইউনিয়নের কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে তারা দেখতে পান বাংলাদেশ-ভারত সীমান্তে ওই যুবকের মরদেহ পড়ে আছে। এরপর সাপাহার ১৬ বিজিবি ক্যাম্প এবং স্থানীয় থানায় খবর দেন।

নওগাঁ বিজিবি- ১৬ এর সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল কবির বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মকবুল ওরফে সালাউদ্দিনের মরদেহ বাংলাদেশ-ভারত সীমান্তের ২০০ গজ ভেতরে (ভারতীয় সীমান্ত) থাকায় হস্তান্তরের জন্য বিএসএফের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.