Sylhet Today 24 PRINT

মালয়েশিয়ায় আইএস সন্দেহে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৫

ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশিসহ চারজন বিদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।

একই ঘটনায় মালয়েশিয়ার একজন নাগরিককেও গ্রেপ্তার করা হয়। দেশটির পুলিশ কর্তৃপক্ষ আজ শনিবার এ কথার জানায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

রাশিয়ার নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে আইএসের সন্দেহভাজন ১০ সদস্য থাইল্যান্ডে ঢুকেছে—এমন খবর প্রচারিত হওয়ার পর শুক্রবার (৪ ডিসেম্বর) মালয়েশিয়ায় সতর্কতা জারি করা হয়।

এর পরদিনই চার বিদেশিসহ পাঁচজনকে গ্রেপ্তার করার খবর প্রকাশ করল মালয়েশিয়ার পুলিশ।

মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর এক বিবৃতিতে জানান, আটক ব্যক্তিদের মধ্যে চারজন বিদেশি। একজন মালয়েশীয়।

১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ইউরোপের, একজন বাংলাদেশের ও একজন ইন্দোনেশিয়ার নাগরিক। গ্রেপ্তার হওয়া বাংলাদেশির বিষয়ে ওই বিবৃতিতে আর কিছু বলা হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে অপর বিদেশির বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.