Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জ সিটিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে: জেলা প্রশাসক

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০২২

সিটি নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে বলে জানালেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

রোববার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ সরকারি  মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনের পর তিনি বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। প্রত্যেক ভোট কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট আছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি।’

এ সময় তিনি আরও বলেন, বেলা পৌনে ১২টা পর্যন্ত ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। কোনো কোনো ভোট কেন্দ্রে ৪০ শতাংশ ভোট পড়েছে। কোনো মেয়র বা কাউন্সিলর প্রার্থী ভোট নিয়ে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেননি।

মোস্তাইন বিল্লাহ নির্বাচন উপলক্ষে নেওয়া ব্যবস্থা সম্পর্কে বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইন–শৃঙ্খলা বাহিনী ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত আছেন। ৩৯ ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

এর আগে ভোটদান শেষে প্রধান দুই মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকার ‘ভোট সুষ্ঠু’ হচ্ছে জানান। তারা দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদী।

এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ১৯২টি কেন্দ্রে ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সব কটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।

গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী (নৌকা), খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার (হাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

সিটি এলাকার ২৭টি ওয়ার্ডে মোট ভোটারসংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ ও ২ লাখ ৫৭ হাজার ১১১ জন নারী ভোটার এবং ৪ জন ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.