Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

সিলেটটুড ডেস্ক: |  ২৮ জানুয়ারী, ২০২২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রপ্তানিমুখী একটি তৈরি পোশাক কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুরে জাহিন নিটওয়্যার লিমিটেডে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে শুক্রবার প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় প্রতিষ্ঠানটিতে শুধু ২০ জন নিরাপত্তা রক্ষী নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন। তারা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে কয়েকশ’ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের যারা আশপাশে বসবাস করেন, তারাও ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা, সোনারগাঁও ও বন্দর থেকে ফায়ার সার্ভিসের অন্তত ১৩টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যানজট। প্রতিষ্ঠানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে অপর অংশ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

জাহিন নিটওয়্যারের মালিক এম জামাল উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানের নিচতলায় থাকা ডাইং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে আমি জানতে পেরেছি। খবর পেয়ে দ্রুত প্রতিষ্ঠানে আসি আমি। তবে আগুনের সূত্রপাত কী থেকে, সেটি সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.