Sylhet Today 24 PRINT

ব্লগার রাজীব হত্যা মামলা: সাক্ষ্য দিলেন আরেক তদন্ত কর্মকর্তা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০১৫

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় আরেক তদন্ত কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদের আদালতে তিনি সাক্ষ্য দেন।

রোববার (৬ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাইনুর ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষে আগামীকাল সোমবার আসামিপক্ষের জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত

এর আগে এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শেখ মতিয়ার রহমান সাক্ষ্য দেন। এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের ৫৫ জন সাক্ষীর মধ্যে ৩৪ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে। আসামিপক্ষের ৩৩ জনের জেরা শেষ হয়েছে।

অভিযোগপত্রভুক্ত অন্য সাতজন আসামি হলেন ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদা। এঁদের মধ্যে রেদোয়ানুল পলাতক বাকিরা কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন।

গত বছরের ২৯ জানুয়ারি এ মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.