Sylhet Today 24 PRINT

আক্রান্তের সংখ্যা বহু গুণ বেশি, সবাই পরীক্ষা করায় না: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২২

দেশে শনাক্ত হওয়ার করোনা রোগীর চেয়ে প্রকৃত সংখ্যা আরও বহু গুণ বেশি বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সবাই পরীক্ষা করাচ্ছেন না। অমিক্রন ‘মৃদু’ বলে বেপরোয়াভাবে চলাফেরা করছেন।

রোববার (৩০জানুয়ারি) সকালে মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দেশে হয়তো আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ সবাই পরীক্ষা করায় না। ১০ থেকে ১৫ হাজার লোক পরীক্ষা করছে, যার কারণে আমরা বুঝতে পারছি। আক্রান্তের সংখ্যা আমি মনে করি আরও বহু গুণে বেশি।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছি, সে ঘোরার কারণে আমরা অন্যদেরও সংক্রমিত করছি।’

তিনি বলেন, আমরা দেখছি- কক্সবাজারে যাচ্ছে, বাণিজ্য মেলায় যাচ্ছে, বিয়ে হচ্ছে, কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। তাহলে তো সংক্রমণের হার বাড়বেই! দপ্তরগুলো অর্ধেক লোকবল দিয়ে চালানোর কথা বলেছি, অথচ বাইরে আমরা ঘুরে বেড়াচ্ছি, মাস্ক পরছি না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণ যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে আমরা সংক্রমণ-মৃত্যুর হার কমাতে পারবো না। অমিক্রন মৃদু বলে উড়িয়ে দিলে চলবে না। যেখানে ৪-৫ জনের মৃত্যু হতো এখন ২০ জনের মৃত্যু হচ্ছে।’

তিনি বলেন, ‘মেলা, কক্সবাজারে দেখি বাচ্চাদের নিয়ে যাচ্ছে। স্কুল বন্ধ এদিকে, আর ছেলে-মেয়েদের নিয়ে বেড়াতে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু দুঃখজনক। অভিভাবকদের বলবো, এ বিষয়ে আপনারা খেয়াল করেন। বাচ্চারাও সংক্রমিত হচ্ছে।’

করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২০ গুণ বেড়ে গেছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘পৃথিবীতে যেভাবে অমিক্রন ছড়িয়ে গেছে, বাংলাদেশেও ছড়িয়ে গেছে। বাংলাদেশে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার লোক আক্রান্ত হচ্ছে, আগে ছিল মাত্র ৪০০ থেকে ৫০০। অর্থাৎ আক্রান্তের হার প্রায় ২০ গুণ বেড়ে গেছে, এটা আশঙ্কাজনক।’

‘যেহেতু আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, মৃত্যুর হারও বাড়বে। এখন প্রতিদিন ১৫ থেকে ২০ জন গড়ে মৃত্যুবরণ করছে। আমরা বলে থাকি মৃদু কিন্তু সঠিক নয়। এ ধরনের মানসিকতা থাকলে সংক্রমণ বাড়বে, মৃত্যু বাড়বে। হালকাভাবে নেওয়া উচিত নয়’ সতর্ক করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অমিক্রন আসার আগে আমাদের সারা দেশে হাসপাতালে ৪০০ থেকে ৫০০ রোগী থাকতো বা তার চেয়েও কমে গিয়েছিল। এখন সেটা আড়াই থেকে ৩ হাজারে উঠে গেছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.