Sylhet Today 24 PRINT

জুনের মধ্যেই যানচলাচলের জন্য উন্মুক্ত হবে পদ্মাসেতু: ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২২

এ বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতিক্ষিত পদ্মাসেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এরই মধ্যে সেতুর ৯৬ ভাগ মূল কাজ সম্পন্ন হয়েছে, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০ দশমিক ৫০ ভাগ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। এসময় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি সম্পর্কে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, টানেলের শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্টে হতে বনানী পর্যন্ত প্রথম ফেজের শতকরা ৭৮ দশমিক ৫০ ভাগ কাজ শেষ হয়েছে বলেও জানান মন্ত্রী। আর বনানী মগবাজার অংশের অগ্রগতি শতকরা ৩১ ভাগ বলে জানান তিনি। এ প্রকল্পের কাজ আরও দ্রুত এগিয়ে নিতে ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এয়ারপোর্ট আশুলিয়া-ইপিজেড এক্সপ্রেসওয়ে এবং এট-গ্রেডে চারলেন সড়কের কাজ শুরুর প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। টেস্ট পাইলিং কাজও শেষ হয়েছে।

সিনহা হত্যা মামলার রায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এর মাধ্যমে প্রমাণ হয়েছে শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী। আইন সবার জন্য সমান, অপরাধী যেই দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে। যারা বিচারবিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করে তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবে।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী এক সৌজন্য সাক্ষাৎ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.