Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে অপহৃত শিশু জৈন্তাপুর থেকে উদ্ধার, অপহরণকারী আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ডিসেম্বর, ২০১৫

নারায়ণগঞ্জ জেলার চট্টগ্রাম রোড থেকে অপহৃত এক শিশুকে সিলেটের জৈন্তাপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে আটক করেছে অপহরণকারী।

র‌্যাব-৯ এর একটি দল রোববার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে শুক্রবাড়ী বাজারে অভিযান চালিয়ে অপহৃত শিশু সোহেল খানকে (১৪) উদ্ধার করে। মো. ফারুক মিয়া নামের এক অপহরণকারীকেও আটক করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার ৮২ নং মামলার ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সিলেট জেলার জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নে শুক্রবাড়ী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামী র‌্যাব এর উপস্থিতি টের পেয়ো বাজারের উত্তর দিকে দৌড় দেয়। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফারুককে আটক করা হয়।

আটকৃত ফারুক জৈন্তাপুর উপজেলার ৬ নং চিকনাগুলের ঠাকুররের মাঠে গ্রামের আহমদ আলী চৌধুরীর ছেলে।

সে গত ২০ নভেম্বর রা সাড়ে ৮টার দিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জ জেলার চিটাগাং রোড হতে সোহেল খানকে অপহরণ করে। এরপর সোহেলকে জৈন্তাপুর উপজেলায় অজ্ঞাত স্থানে আটকে রাখে এবং তার স্বজনদের কাছে মুক্তিপণ বাবদ টাকা আদায়র করার চেষ্টা করে। টাকা না দিতে পারলে সোহেলকে ১০ টুকরো করে কুকুর দিয়ে খায়ানো হবে বলেও হুমকি দেয় বলে জানায় র‌্যাব।

এরপর রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সোহেল খানকে জৈন্তপুরের ৬ নং চিকনাগুল ইউনিয়নের শুক্রবাড়ী বাজারস্থ ডা. আজীর উদ্দিন ফার্মেসী নামের একটি ঔষধের দোকান হতে উদ্ধার করে র‌্যাব।

আটককৃত অপহরণকারীকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.