Sylhet Today 24 PRINT

অমর একুশে গ্রন্থমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি

সিলেটটুডে ডেস্ক: |  ০৩ ফেব্রুয়ারী, ২০২২

অমর একুশে গ্রন্থমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে, শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। বইমেলা আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পাওয়া গেছে এই ১৪ দিনের।

বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তিনি বলেন, ‘অমর একুশে বইমেলার সময় বাড়ছে না। মেলা উদ্বোধন হবে ১৫ ফেব্রুয়ারি। বরাবরের মতো এবারও ওই দিন সকালে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বইমেলার সময় বাড়ছে না। আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের সম্মতি পাওয়া গেছে। প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনের ব্যাপারে সম্মতি দিয়েছেন। বইমেলা ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পাওয়া গেছে।’

অমর একুশে বইমেলা প্রতিবছর ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর করোনাভাইরাস সংক্রমণের কারণে মেলা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

এরপর গত ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমির সঙ্গে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বৈঠকে অমর একু‌শে বইমেলা ১৫ ফেব্রুয়া‌রি থেকে ১৭ মার্চ পর্যন্ত আ‌য়োজনের প্রস্তাব গ্রহণ ক‌রা হয়।

এই প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের জন্য পাঠানো হয়। এর প্রেক্ষিতে বইমেলা ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি মিলেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.