Sylhet Today 24 PRINT

সাতকানিয়ায় নির্বাচনি সহিংসতায় নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০২২

চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নলুয়া ইউনিয়ন ও বাজালিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নলুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রিকশাচালক জসিম উদ্দিনের ছেলে তাসিফ (১২) কিশোর ও বাজালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুর শুক্কুর।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল ১০টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বোর্ড অফিস কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় আব্দুর শুক্কুর। পরে তাকে স্থানীয় আশ শেফা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

এদিকে বেলা ১২টার দিকে ভোটকেন্দ্র দখল কেন্দ্র করে নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ডকেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় কিশোর তাসিফ মাটিতে লুটে পড়লে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এর আগে সোমবার সকাল ১০টার দিকে খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে কেন্দ্র দখলে নিতে উভয়পক্ষে গোলাগুলি হয়। এ সময় কেন্দ্রের বাইকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় সাতকানিয়া উপজেলার ছদাহা, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া, ঢেমশা, মাদার্শা, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া, খাগরিয়া, চরতি, পশ্চিম ঢেমশা সোনাকানিয়া ও সদর ইউনিয়নে। এর মধ্যে পুরানগড়, মাদার্শা, কেঁওচিয়া ও সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিজয়ীরা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.