Sylhet Today 24 PRINT

ইভ্যালির গাড়ি নিলামকালে ডিএমপি ও র‍্যাবকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০২২

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের নামে রেজিস্ট্রেশন করা সাতটি গাড়ি নিলামে বিক্রির সময় ডিএমপি ও র‍্যাবকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের একজন রেজিস্ট্রারের তত্ত্বাবধানে এসব গাড়ির নিলাম হবে। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় দৈনিকে খোলা নিলামের মাধ্যমে গাড়ি বিক্রয় বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠানটি।

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ১১টায় সড়ক নং-১১, বারিধারা ‘জে’ ব্লক, বিচারপতির বাড়ি (সাউথ পয়েন্ট স্কুলের পাশে) ঠিকানায় গাড়িগুলোর নিলাম শুরু হবে। নিলাম বিজ্ঞপ্তি‌তে বলা হ‌য়, ইভ্যালি ডটকম লিমিটেডের নামে রেজিস্ট্রেশন করা সাতটি চালু গাড়ি রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস (যে অবস্থায় আছে) ভিত্তিতে খোলা নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। যার মধ্যে রয়েছে বিলাসবহুল গাড়ি রেঞ্জ রোভার। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অফিস চলাকালীন উইন্সকোর্ট ইভ্যালি অফিস থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫ হাজার টাকা (তার মধ্যে ফেরতযোগ্য ৪,৫০০) পরিশোধ ক‌রে নিলাম কার্ড সংগ্রহ কর‌তে হ‌বে।

চূড়ান্ত মূল্যের ২০ শতাংশ নগদ বায়না টাকা (অফেরতযোগ্য) নিলামস্থলে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। অবশিষ্ট মূল্য পরবর্তী সাত দিনের মধ্যে নগদ/ব্যাংক ড্রাফট পরিশোধ সাপেক্ষে গাড়ি হস্তান্তর করা হবে। ৬ থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উইন্সকোর্ট ইভ্যালি অফিসে রেজিস্ট্রেশন ফি গ্রহণ করা হবে। ইভ্যালির বর্তমান পরিচালনা বোর্ডের কোনো সদস্য অথবা নিকট আত্মীয় এ নিলামে অংশগ্রহণ করতে পারবে না। গাড়ি পরিদর্শন ও নিলামের দিন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় সড়ক নং-১১, বারিধারা ‘জে’ ব্লক, বিচারপতির বাড়ি (সাউথ পয়েন্ট স্কুলের পাশে), ঠিকানায় নিলাম শুরু হবে। কর্তৃপক্ষ যেকোনো কারণে নিলাম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.