Sylhet Today 24 PRINT

নির্বাচন কমিশন ব্যর্থ, তাদের বিচার হওয়া উচিত: ফখরুল

সিলেটটুডে ডেস্ক: |  ১১ ফেব্রুয়ারী, ২০২২

নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, বিচার হওয়া উচিত।’

ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে মামলা করব কি না এটা পরে সিদ্ধান্ত নেব। কারণ এই দেশে মামলা করে লাভ হয় না। বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ করতে পারে না।’

বিএনপি নতুন সার্চ কমিটি মানে না বলেও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘সার্চ কমিটিতে আমাদের কাউকে দেব না। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার মানে নেই। যাকে সার্চ কমিটির প্রধান করা হয়েছে, তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছেন। তাদের লোকদের নাম দিয়ে সার্চ কমিটি গঠন করছে।’

এ সময় বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘এই সরকারের অধীনে আগামী কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। দলকে নতুনভাবে সাজানো হচ্ছে।

‘দ্রুত অঙ্গসংগঠন ও মূল দলের কমিটি নতুনভাবে গঠন করা হবে। জাতীয় ঐক্য গঠনে কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করছি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আল মামুন আলম, সাধারণ সম্পাদক ফয়সাল আমিনসহ আরও অনেকে।

নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের জন্য নামের তালিকা চেয়ে বিএনপিকে চিঠি দিয়েছে অনুসন্ধান বা সার্চ কমিটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নয়াপল্টন পার্টি অফিসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি দিয়েছে। তবে বিএনপি সার্চ কমিটিতে কোনো নামের তালিকা দেবে না।’

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.