Sylhet Today 24 PRINT

চালককে এসএসসি পাশ হতে হবে: হাইকোর্ট

ঢাকা থেকে সকল জেলা পর্যায়ে কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার পাশপাশি মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দেয়া হয়েছে

নিউজ ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৫

আগামীতে আর যে কেউ চাইলেই ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন না। চালকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি উত্তীর্ন হতে হবে বলে নির্দেশ দিয়েছেন আদালত। তবে এ নির্দেশনা বাস্তবায়নে আরও পাঁচ বছর সময় পাচ্ছেন কর্তৃপক্ষ।

ঢাকা থেকে জেলা পর্যায়ে যাতায়াতের মহাসড়কে কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা গ্রহণের পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে সড়কের পাশের সব অনুমোদনহীন স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

সেইসঙ্গে মহাসড়কে স্থাপনা তৈরির অনুমতি দেওয়ার ক্ষেত্রে যানবাহন নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৮ এর ৮ বিধিতে সরকারকে দেওয়া ক্ষমতা বাতিলের পদক্ষেপ নিতে বলেছে আদালত।

এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ কয়েকদফা নির্দেশনাসহ এ রায় দেয়।

নির্দেশনায় চালকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি নির্ধারণ করে এই সিদ্ধান্ত পাঁচ বছর পর কার্যকর করার পদক্ষেপ নিতে বলা হয়।

এছাড়া মহাসড়কে রোড ডিভাইডার তৈরি, পথচারী চলাচলে প্রয়োজনীয় স্থানে আন্ডারপাস ও স্কুল সিলেবাসে ট্রাফিক নিয়ম অন্তর্ভুক্ত করতে বলেছে আদালত।

পঞ্চম নির্দেশনায় সরকারকে মটরযান আইনে বিভিন্ন অপরাধের সাজা ও জরিমানা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেই সঙ্গে মহাসড়কে দুর্ঘটনা রোধে আদালতের নির্দেশে গঠিত কমিটির সুপারিশগুলো কার্যকর করতে বলা হয়েছে।

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি থেকে ফেরার পথে সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর গাড়ীবহর দুর্ঘটনায় পড়লে ২০১১ সালের ফেব্রুয়ারিতে ১১ জনের মৃত্যু হয়।

ওই ঘটনা একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পর তা যুক্ত করে হিউম্যান রাইটস অ্যাণ্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে এই রিট আবেদন করে।

স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব, অর্থ সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি (হাইওয়ে), যুগ্ম কমিশনার (ট্রাফিক) এবং ঢাকা ও নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ ১১ জনকে রিট আবেদনে বিবাদী করা হয়।

প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৩ ফেব্রুয়ারি আদালত রুল দেয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে সোমবার আদালত কয়েকদফা নির্দেশনাসহ রায় দেয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর শুভ্র ও সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।

পরে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, হাই কোর্ট যখন রুল দেয় তখন স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে একটি বিশেষ কমিটি গঠন করে দুর্ঘটনা রোধে ‘গাইডলাইন’ তৈরি করতে বলে। রাষ্ট্রপক্ষ পরে যে প্রতিবেদন দাখিল করে, তাতে ২৮টি সুপারিশ ছিল। আদালত রায়ে পাঁচটি বিষয়ে নির্দেশনা দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.