Sylhet Today 24 PRINT

চলে গেলেন কবি কাজী রোজী

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০২২

চলে গেলেন বীরমুক্তিযোদ্ধা কবি কাজী রোজী। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। মাল্টি অর্গান সমস্যার কারণে বেশ কিছুদিন যাবৎ আইসিইউতে আইসোলেশনে ছিলেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কবির এক মাত্র মেয়ে সুমি সিকানদার জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩০ জানুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে স্ট্রোক করেন তিনি। গতকাল শনিবার রাত ২টা ৩৫ মিনিটে মারা যান।

কবি কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও এমএ পাস করেন। সরকারি চাকরি করেছেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন।

২০১৪ সালের ১৯ মার্চ ‘সংসদ সদস্য’ পদে নির্বাচিত হন। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ পান।

কবি কাজী রোজীর উল্লেখযোগ্য গ্রন্থগুলো- পথঘাট মানুষের নাম, নষ্ট জোয়ার, আমার পিরানের কোনো মাপ নেই, লড়াই, শহীদ কবি মেহেরুন নেসা,  শেখ মুজিবর বাঙালীর বাতিঘর, কবিতায় বলি, কবিতায় জ্বলি ইত্যাদি। এছাড়াও তিনি নাটক, গান লিখতেন। ‘আমার দুঃখে কারো নাকি কপাল ভেঙ্গেছে’এর মতো জনপ্রিয় গানের রচয়িতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.