Sylhet Today 24 PRINT

গৃহকর্মী নির্যাতন মামলায় স্ত্রীর পর ক্রিকেটার শাহাদতও জামিন পেলেন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৫

গৃহকর্মী হ্যাপীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবও জামিন পেয়েছে।  তাঁকে ৩১ শে মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত ১ ডিসেম্বর তাঁর স্ত্রী নিত্যও একই মামলাত জামিন পেয়েছিলেন।  

মঙ্গলবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ তাঁর এ জামিন মঞ্জুর করেন।

গত ০৫ অক্টোবর সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। এ আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। আদালতের নির্দেশে ০৮ অক্টোবর থেকে তিনদিনের রিমান্ডে নিয়ে শাহাদাতকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

অন্যদিকে গত ০৩ অক্টোবর দিনগত গভীর রাত সাড়ে তিনটায় মালিবাগের পাবনা গলিতে তার বাবার বাড়ি থেকে নিত্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। ০৪ অক্টোবর পাঁচদিনের রিমান্ড চেয়ে তাকে হাজির করা হলে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন আদালত। আদালতের অনুমোদনক্রমে তাকে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এরপর আরও দু’দফায় সিএমএম ও এক দফায় দায়রা জজ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন তাদের।

গত ০৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কালশী থেকে নির্যাতনে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। তবে ওই দিন বিকেলে শাহাদাত মিরপুর থানায় তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

রাতে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ। মারাত্মক আহত গৃহকর্মী হ্যাপীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.