সিলেটটুডে ডেস্ক | ২১ ফেব্রুয়ারী, ২০২২
সর্বস্তরে বাংলা প্রচলনের পাশাপাশি সাম্প্রদায়িকতার মূল উৎপাটন করার আহ্বান জানিয়ে বিশিষ্টজনরা বলেছেন, ভাষা আন্দোলনে বীর শহীদদের আত্মদানের কারণে আমরা শুধু ভাষার অধিকার ফিরে পেয়েছি তা নয়, ফিরে পেয়েছি একটি জাতি-রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার গৌরব ও মর্যাদা। তাদের ঋণ অপরিশোধ্য।
সোমবার (২১ ফেব্রুয়ারি) 'আমাদের ভাষা আন্দোলন সাম্প্রদায়িক দ্বিজাতিতত্ত্বের মৃত্যুবার্তা' শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনারে বিশিষ্টজনরা এসব কথা বলেন।
ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি' এই ওয়েবিনারের আয়োজন করে।
সংগঠনের সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ওয়েবিনারে বক্তব্য দেন আরমা দত্ত এমপি, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শিক্ষাবিদ মমতাজ লতিফ, অধ্যাপক সুজিত সরকার, অধ্যাপক ড. আলা উদ্দিন, শহীদ সন্তান আসিফ মুনীর তন্ময়, শহীদ সুরকার আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ, সুইডেন প্রবাসী লেখক সাব্বির খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুকুল।
সূচনা বক্তব্যে শাহরিয়ার কবির বলেন, ‘বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে ১৯৪৮-এ ভয় পেয়েছিলেন জিন্নাহ ও লিয়াকত আলী। ১৯৭১ সালে ভয় পেয়েছেন ইয়াহিয়া ও গোলাম আযমরা- আমাদের সেই চেতনার আলোই বধ করবে সাম্প্রদায়িক অপশক্তিকে।’
আরমা দত্ত এমপি বলেন, ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষার জন্য তৎকালীন পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে একা যে লড়াই চালিয়েছিলেন, তা তিনি শুধুমাত্র মাতৃভাষা ও বাঙালি জাতির আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের চিহ্নকে রক্ষা করার জন্য। খ্যাতির জন্য নয়। ধীরেন্দ্রনাথের সেই স্বপ্ন ও প্রত্যাশাকে আমরা যেন জাগরুক রাখতে পারি।’
শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ‘ভাষা আন্দোলনে সব ধর্ম, পেশা ও শ্রেণির বাঙালির মধ্যে একটি পৃথক চেতনার জন্ম দেয়। যা পরবর্তীতে অসাম্প্রদায়িক চেতনারূপে ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালির মহান নেতা বঙ্গবন্ধুর ছায়াতলে এসে দাঁড়াতে সাহায্য করে। সেই আন্দোলন বায়ান্ন, চৌষট্টি ও উনসত্তর এবং একাত্তরের মুক্তিযুদ্ধে রূপ নেয়।’
মমতাজ লতিফ বলেন, ‘বাংলা ভাষা আন্দোলনের মাধ্যমে সাম্প্রদায়িক দ্বিজাতিতত্ত্বের মৃত্যু ঘটালেও স্বাধীন বাংলাদেশে এখনও সাম্প্রদায়িক অপশক্তি বিরাজমান। এই সাম্প্রদায়িক অপশক্তি সুযোগ পেলেই সংখ্যালঘুদের উপর আঘাত করে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
কাজী মুকুল সর্বস্তরে বাংলা প্রচলনের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ‘সমাজ ও রাজনীতিতে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা আবার মাথাচাড়া দিচ্ছে। তরুণ প্রজন্মকে এর অশুভ প্রভাব থেকে দূরে রাখতে হবে।’