Sylhet Today 24 PRINT

করোনা টিকার বুস্টার ডোজ নেবেন খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২২

করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকার বুস্টার ডোজ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ টিকা নেবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ১ ফেব্রুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮১ দিন চিকিৎসায় থাকার পর গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক অধ্যাপক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী তার ছাড়পত্র দেওয়ার বিষয়টি জানান।

তিনি ওই সময় বলেছিলেন, উনি এখন যদিও স্বাভাবিক আছে। তারপরও আমরা দেখেতে পেয়েছি সারা দেশে এবং এভার কেয়ার হাসপাতালে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। জানুয়ারি মাসে এই হাসপাতালে ৩৮০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ওনার স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে উনার কন্ডিশন যেহেতু কিছুটা স্ট্যাবল আছে তাই উনাকে বাসায় রেখে আমাদের তত্ত্বাবধানে চিকিৎসা করা হবে।

এ অবস্থায় উনি আবারও করোনায় আক্রান্ত হলে সেই সংক্রমণ যদি কোনো জটিলতা সৃষ্টি করে তাহলে সেটার ম্যানেজমেন্টটা অনেক জটিল ও কঠিন হয়ে যাবে। সে কারণে উনাকে আজ আমরা হাসপাতাল থেকে ডিসচার্জের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানিয়েছিলেন, আপাতদৃষ্টিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আবারও যে ব্লিডিং হবে না তার কোনো নিশ্চয়তা নেই।

গত বছরে করোনায় আক্রান্ত হয়ে আরও দুই দফায় বেগম জিয়াকে হাসপাতালে যেতে হয়। ৭৬ বছর বয়সী এ সাবেক প্রধানমন্ত্রী অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.