Sylhet Today 24 PRINT

স্ত্রীকে হত্যা: স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২২

গোপালগঞ্জের বেদগ্রামের জাকিয়া বেগম হত্যা মামলায় স্বামীসহ চার আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন।

একইসঙ্গে নিহতের স্বামী মোর্শেদায়ান নিশানকে ৫ লাখ এবং অন্য আসামিদের ৩ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঁইঞা এ বিষয়টি জানান।

মৃত্যদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, নিহতের স্বামী মোর্শেদায়ান নিশান, এহসান সুজন, আনিচুর রহমান ও হাসান শেখ।

গত ১৩ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক রায়ের জন্য এই তারিখ ধার্য করেন।

নিশান মাছরাঙ্গা টিভির গোপালগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় ‘দৈনিক আমাদের গোপালগঞ্জ’ পত্রিকার সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডের পর তিনি গ্রেপ্তার হলেও জামিন নিয়ে ফের পলাতক হন। বাকি তিন আসামি কারাগারে ছিলেন।

জানা যায়, ২০০৫ সালে জাকিয়া বেগমের সঙ্গে মোর্শেদায়ান নিশানের বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর নিশান তার বোনের কাছে যৌতুক দাবি করলে সংসারে অশান্তি শুরু হয়। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে গৃহবধূ জাকিয়াকে নির্মামভাবে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় তার বাবা জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশানকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ২০ জন সাক্ষ্য দেন।

মামলা তদন্ত করে ওই বছরের ৯ জুন গোপালগঞ্জ জেলার ডিবি পুলিশের পরিদর্শক সওগতুল আলম চার জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.