Sylhet Today 24 PRINT

দেশে করোনায় আরও ১০ মৃত্যু

সিলেটটুডে ডেস্ক: |  ২৪ ফেব্রুয়ারী, ২০২২

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫ জনে।

উল্লেখিত সময়ে দেশে নতুন করে ১ হাজার ৫১৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে দেশে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২৯৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.