Sylhet Today 24 PRINT

নারীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার ঘটনা চ্যালেঞ্জ করে রিট

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২২

বইমেলায় নারীকে ভ্রাম্যমাণ আদালতের করা জরিমানা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রোববার আইনজীবী বদরুদ্দোজা বাবু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন। রিটে ওই ঘটনার ভিডিও অপসারনেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে এই আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। তবে ওই নারী জরিমানা দিলেও তার সঙ্গে রিটের বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানান আইনজীবী বাবু।

গত ১৯ ফেব্রুয়ারি বইমেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে এক নারীকে মাস্ক না পরায় জরিমানা করা হয়। জানা যায় ওই নারী অভিনেত্রী নাফিজা তুষি।

ওই ঘটনায় করা ভিডিওতে দেখা যায়, অর্থদণ্ড দেওয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করছিলেন ওই নারী। সেখানে তিনি বলেন, তাকে এভাবে ক্যামেরার সামনে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.