Sylhet Today 24 PRINT

একদিনে রেকর্ড এক কোটি ২০ লাখ টিকা দিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২২

চলমান গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে গতকাল রোববার দুই ডোজ মিলে এক কোটি ২০ লাখ টিকা দিয়েছে সরকার। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ১২ লাখ এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ লাখ মানুষ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন টিকাদানে বিশ্বে দশম। গতকাল এক কোটি টিকা দেওয়ার কর্মসূচি ছিল, স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের লোকদের প্রচেষ্টায় এটি সফলভাবে করতে পেরেছি। এটি অনেক বড় অর্জন। এতে করে মোট জনগোষ্ঠীর ৭৩ শতাংশকে টিকার আওতায় আনা গেল। আজসহ আরও দুদিন চলবে, এরপরও প্রথম ডোজের টিকা নেওয়া যাবে।’

জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যান্য খাতের পাশাপাশি স্বাস্থ্যখাতেও ব্যাপক অবদান রেখেছেন। তিনিই প্রথম চিকিৎসকদের প্রথম শ্রেণির মর্যাদা দেন। তিনি প্রতিটি থানায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেন।’

জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশকে অন্যান্য দেশ এখন সম্মানের সঙ্গে দেখে। এখন খাদ্যের অভাব নেই, শিক্ষা ব্যবস্থা উন্নত হচ্ছে, পাশাপাশি স্বাস্থ্যেও অনেক উন্নতি হয়েছে। সরকার ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছেছে। শুধু হাসপাতাল করলেই হবে না, চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন জনবল লাগবে। বর্তমান সরকারের আমলে নতুন ১৫ হাজার চিকিৎসক ও ২৯ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এখন সরকারি অর্থে ৩৮টি মেডিকেল কলেজ রয়েছে, আরও চারটি হচ্ছে। দেশে স্বাধীনতার সময়ে দশ হাজারের কম শয্যা ছিল, সেখানে এখন ৬০ হাজারে পৌঁছেছে। আমাদের কোন ইনস্টিটিউট ছিল না, এখন অনেক হয়েছে। আগে মাতৃমৃত্যু হার ছিল একশর বেশি সেখানে সেটি কমে এখন অর্ধেকে নেমেছে। তবে পাশ্চাত্যের মত আমাদের মেডিকেল টেকনোলজি এখনো এগোয়নি। তারপরও আমরা চেষ্টা করছি।’

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে দ্রুত করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এর পেছনে আমাদের অনেক কাজ করতে হয়েছে। বিশ হাজার শয্যা, সেন্ট্রাল অক্সিজেনসহ অনেক ব্যবস্থা বাড়াতে হয়েছে। ভ্যাকসিনের ফলে করোনা নিয়ন্ত্রণ সহজ হয়েছে। ইউরোপ, আমেরিকাসহ অনেক দেশে ভ্যাকসিন না নিতে যখন মানুষ আন্দোলন করছে, সেখানে বাংলাদেশের মানুষ ভ্যাকসিন বান্ধব।’

স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাকে আধুনিক করতে কাজ চলছে পুনর্ব্যক্ত করে জাহিদ মালেক বলেন, ‘আমাদের কিছু চ্যালেঞ্জও আছে। দেশে অসংক্রামক রোগের প্রকোপ অনেক বেশি। এটাতে ৭০ শতাংশ মানুষ মারা যাচ্ছে। এটা নিয়ে কাজ করতে হবে। হাসপাতালগুলোতে ভালোভাবে কাজ করতে হবে, তবেই আমরা এগিয়ে যাব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.