Sylhet Today 24 PRINT

সিলেটে বৃষ্টির আভাস

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২২

সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পরে। তবে, সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এমনটাই জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া বার্তায় বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আজ সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওই জেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

এছাড়া, ভোরের দিকে দেশের নদী-অববাহিকায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। মঙ্গলবার নাগাদ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.