Sylhet Today 24 PRINT

ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন। গণভবন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সভায় ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার ব্যাপারেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য পোল্যান্ড ও রোমানিয়ায় রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন। তারা সার্বক্ষণিক তদারকি করছেন।

এর আগে গতকাল রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে পৌঁছেছেন। তাদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থায় অস্থায়ী আশ্রয়ে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনের কারাগারে আটক ২৮ বাংলাদেশি নাগরিককে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) মাধ্যমে উদ্ধার ও স্থানান্তরের জন্য কাজ করছে। দূতাবাস ইউক্রেনে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম)-এর মাধ্যমেও আটক বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.