Sylhet Today 24 PRINT

আমাদের ওপর রাজনৈতিক কোনো চাপ নেই: নতুন সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক চাপে নেই। চাপের প্রশ্নই আসে না। কমিশন স্বাধীনভাবে কাজ করবে।’

মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যেহেতু আগামী নির্বাচনের দ্বায়িত্বটা আমাদের কাছে এসেছে, তাই কীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করবো, সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করা হবে। এখনই কিছু বলতে পারবো না। আমাদের প্রত্যাশা, রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনার মধ্য দিয়ে সমঝোতায় আসবেন।’

রাজনৈতিক মহল বা অন্য কোনও পক্ষ থেকে চাপ অনুভব করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার নিজেরই উচ্চ রক্তচাপ রয়েছে। ওই প্রেসারের সঙ্গে আর একটু দ্বায়িত্বের চাপ রয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক সহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.