Sylhet Today 24 PRINT

বিএনপি দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে: দিপু মনি

সিলেটটুডে ডেস্ক: |  ০১ মার্চ, ২০২২

বিএনপি দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দিপু মনি।

নেত্রকোণা শহরে মঙ্গলবার বিকেলে সদর ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

দিপু মনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস বিএনপির নেই। দেশের মানুষ জানে, তারা যুদ্ধাপরাধীদের দোসর। তারা পেট্রোল বোমায় পুড়িয়ে মানুষ হত্যা করে। তারা মানবতার নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। তাদের শীর্ষনেত্রী এতিমের টাকা আত্মসাতকারী। তাদের দ্বিতীয় নেতা পলাতক আসামি। এ কারণে তারা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।

শহরের মোক্তারপাড়া মাঠে সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রাণেশ চন্দ্র সরকার এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য মারফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার ও সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল সভা পরিচালনা করেন।

অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সাংসদ মানু মজুমদার ও হাবিবা রহমান খান শেফালী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, পৌর মেয়র নজরুল ইসলাম খান, নূর খান মিঠু ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়।

সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আতাউর রহমান মানিককে সভাপতি ও হাফিজুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এদিকে নেত্রকোণা পৌর আওয়ামী লীগে অর্পিতা খানম সুমিকে সভাপতি ও টিটু দত্তকে সাধারণ সম্পাদক ঘোষণা দেয়া হয়েছে।

১৯ বছর পর নেত্রকোণা সদর এবং ২৭ বছর পর পৌর আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.