Sylhet Today 24 PRINT

এক মাসের ব্যবধানে গ্যাসের দাম বাড়ল ১৫১ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০২২

ভোক্তা পর্যায়ে মার্চে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৯০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ফেব্রুয়ারিতে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৪০ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে মার্চের জন্য ১৫১ টাকা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার নতুন এই দর ঘোষণা করে।

ভার্চুয়াল এই দর ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান।

নতুন ঘোষিত দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানান চেয়ারম্যান।

ফেব্রুয়ারিতে প্রতি কেজি এলপিজি ৯৮ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৩ টাকা ৩৪ পয়সা করেছিল কমিশন। সে সময় ১২ কেজির দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৪০ টাকা করা হয়।

গত বছরের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল, আমদানি নির্ভর এই জ্বালানির সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে। সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে।

চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, বাংলাদেশে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক কম।

বিইআরসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরমকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.