সিলেটটুডে ডেস্ক | ০৯ ডিসেম্বর, ২০১৫
তাঁতশিল্প ও তাঁতীদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এবং কবি তাইবুন নাহার রশীদ মরণোত্তর বেগম রোকেয়া পদক পেলেন এ বছর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক বিতরণ করেন।
প্রয়াত তাইবুন নাহারের পক্ষে তার ছেলে আলী আজগর খুরশীদ পদক গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী বিবি রাসেলের গলায় পরিয়ে দেন রোকেয়া পদক।
প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ছাড়াও এক লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার রোকেয়া পদকের জন্য বিবি রাসেল ও তাইবুন নাহারের নাম ঘোষণা করে।
নারী শিক্ষার বিস্তার, নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নারী জাগরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার প্রতিবছর এই পদক দেয়।
মডেলিংয়ে ইউরোপে খ্যাতি অর্জনকারী বিবি রাসেল ১৯৫০ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন । পোশাক ডিজাইনে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদি ও জামদানি শিল্পের উন্নয়নের লক্ষ্য নিয়ে ১৯৯০ সালে ঢাকায় ফেরেন তিনি।
১৯১৯ সালের ৫ মে ঢাকা জেলায় জন্ম নেওয়া তাইবুন নাহার ১৯৫৪ সালে খুলনা শাখার মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মহিলা সমিতির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।