Sylhet Today 24 PRINT

বাসা থেকে এরশাদ শিকদারের মেয়ের মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০২২

রাজধানীর গুলশানের বাসা থেকে জান্নাতুল নওরিন এশা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩২ বছর বয়সী এশা ফাঁসি কার্যকর হওয়া খুলনার সিরিয়াল কিলার এরশাদ শিকদারের মেয়ে।

শুক্রবার ভোরে পুলিশ এশাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এশার মামাতো ভাই রুশো বলেন, ‘আমার ফুফা মৃত এরশাদ শিকদার। তার দ্বিতীয় স্ত্রী শোভা আক্তারের মেয়ে এশা। বর্তমানে গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের নবম তলায় এশা আমার ফুফুর সঙ্গে থাকতেন।’

তিনি আরও বলেন, ‘এশা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে ফোনে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার সন্ধ্যায়ও তাদের ঝগড়া হয়।

‘রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে এশা নিজের ঘরে ঘুমাতে যায়। ভোরে এশাকে ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকেন ফুফু। পরে দরজা ভেঙে দেখেন, এশা গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছে। এ সময় তার দুই হাতে ধারালো কিছু দিয়ে ক্ষতের চিহ্ন ছিল। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে এক তরুণীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি গুলশান থানায় জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.