Sylhet Today 24 PRINT

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রিটের শুনানি পেছাল

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০২২

বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে জনস্বার্থে দায়ের করা রিটের শুনানি পিছিয়ে আগামী রোববার (১৩ মার্চ) দিন ঠিক করেছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

শুনানির নির্ধারিত দিনে আজ মঙ্গলবার (৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ঠিক করে আদেশ দেন।

এর আগে, জনস্বার্থে গত রোববার (৬ মার্চ) দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হয়। একই সঙ্গে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয় রিটে।

তিন আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির রোববার (৬ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.