Sylhet Today 24 PRINT

মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০২২

চট্টগ্রামে একটি মাদ্রাসার হেফজখানা থেকে আরমান হোসেন (১৪) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর পিলখানা ডানকান হিলের মাদ্রাসা আলী বিন আবী তালিব (রা.) থেকে কিশোরটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরমান মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। সে একই থানার মির্জাপুলের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে। সে গত ফেব্রুয়ারি মাদ্রাসাটিতে ভর্তি হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাঁচলাইশ থানার পরিদর্শক সাদেকুর রহমান বলেন, আরমান সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে খবর পেয়ে মাদ্রাসার পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টায় মাদ্রাসার চারতলার ছাদে উঠতে দেখা গেছে তাকে। সেখান থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তবে তদন্তে বিস্তারিত জানা যাবে।

মাদ্রাসার পরিচালক হাফেজ আবদুল মন্নান বলেন, সন্ধ্যার পর তাকে না পেয়ে আমরা অভিভাবকদের খবর দিই। আমরাও খোঁজাখুঁজি করি। অনেক সময় মাদ্রাসা থেকে ছেলেরা পালিয়ে যায়। সেও পালিয়েছে এমনটি মনে করেছিলাম। সকালে তার মরদেহ দেখতে পায় ছেলেরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুর রহমান বলেন, মাদ্রাসাটি চারতলা। শিক্ষার্থীরা বিভিন্ন ভাগে এখানে পড়ে। সে নিচতলায় পড়ত। আসরের পর ছেলেরা মাদ্রাসার ছাদে খেলতে যায়। সোমবার বিকেলে অন্য ছেলেদের সঙ্গে সেও ছাদে খেলতে উঠে। সন্ধ্যার পর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোসল করতে গেলে মাদ্রাসার পেছনে তার মরদেহ দেখতে পায় ছেলেরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.