Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যের ৩ পদে ৪৩ জনকে নিয়োগের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০২২

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটর ও স্টোর কিপার পদে ৪৩ জনকে আগামী ৯০ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ মার্চ) তিনটি পদে ৪৩ জন প্রার্থীর আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল-ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাহ উদ্দিন দোলন।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন নয়টি জেলায় ৪৩ জনকে স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটর ও স্টোর কিপার পদে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৯০ দিনের মধ্যে তাদের নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, আদালত ৪৩ জনকে নিয়োগ দিতে রুল জারি করেছিলেন। পাশাপাশি ওই ৪৩টি পদ শূন্য রাখতেও আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন। আজ ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত ৪৩টি শূন্য পদে রিট আবেদনকারীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দেন।

২০১২ সালের ১১ নভেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও এই ৪৩ জনকে নিয়োগ না দিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে অকৃতকার্যদের নিয়োগ দেওয়ায় তারা হাইকোর্টে রিট দায়ের করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.