Sylhet Today 24 PRINT

রোমানিয়ায় নেওয়া হচ্ছে হাদিসুরের মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০২২

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়া নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে ইউক্রেন থেকে মলদোভা সীমান্তের উদ্দেশে মরদেহ রওনা হয়েছে। সেখান থেকে নেওয়া হবে রোমানিয়ার বুখারেস্টে। এরপর তার মরদেহ দেশে আনা হবে।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।

তিনি বলেন, অফিসিয়াল লোকজন না থাকায় হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়ায় নিয়ে যাওয়ার বিষয়টি বিলম্বিত হয়। বুধবারই যাবতীয় প্রস্তুতি শেষ হয়। আজ বৃহস্পতিবার ভোরে হাদিসুরের মরদেহবাহী ফ্রিজার ভ্যান ইউক্রেন থেকে যাত্রা করে মলদোভা হয়ে ‍বুখারেস্টে রওনা হবে।

উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। এরপর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে উদ্ধার করা হয়।

এরপর শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের অলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে মলদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক। রবিবার (৬ মার্চ) দুপুরে ইউক্রেন সীমান্ত পেরিয়ে মলদোভা হয়ে তারা রোমানিয়া পৌঁছান।

বুধবার (৯ মার্চ) দুপুরে নাবিকদের বহনকারী তার্কিশ এয়ারের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.