সিলেটটুডে ডেস্ক | ১০ মার্চ, ২০২২
গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে আদালতের নির্দেশ না মানায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ মার্চ) এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। চার সপ্তাহের মধ্যে সিইসি কাজী হাবিবুল আউয়ালকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ২০১৯ সালের ১১ এপ্রিল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট রায় দেন। ওই রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট।
তখন সিইসি ছিলেন কে এম নূরুল হুদা, গত ১৪ ফেব্রুয়ারি তার কমিশনের মেয়াদ শেষের পর বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনিসহ নতুন চার কমিশনার গত ২৮ ফেব্রুয়ারি শপথ নেন।
গত ১০ ফেব্রুয়ারি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি হাইকোর্টের দেওয়া নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার আবেদনটি করেন।
বৃহস্পতিবার এই আবেদনের ওপর শুনানি নিয়ে রুল দেওয়া হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
পরে আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া বলেন, আদালত অবমাননার আবেদনটি যখন করা হয়, তখন সিইসি ছিলেন কে এম নূরুল হুদা। এরপর নতুন সিইসি হিসেবে কাজী হাবিবুল আউয়াল নিয়োগ পান। তাই আবেদনটি সংশোধন করা হয়। চার সপ্তাহের মধ্যে সিইসি কাজী হাবিবুল আউয়ালকে রুলের জবাব দিতে হবে।