Sylhet Today 24 PRINT

পররাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০২২

হঠাৎ অসুস্থ হয়ে পড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ডাক্তারের পরামর্শে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন জানান, তিনি ভালো আছেন। কিন্তু ডাক্তারের পরামর্শে মন্ত্রীকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর পররাষ্ট্রমন্ত্রীর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য অফিসার মুহম্মদ মোহসিন রেজা জানান, মন্ত্রী এখন সুস্থ আছেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল জানান, ‘স্যারের শরীর আগের থেকে অনেকটা ভালো। কথাবার্তা বলছেন। সকালে হালকা নাস্তাও করেছেন। বেলা ১১টার দিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কয়েকটা পরীক্ষা করানো হয়েছে। যদিও এখনও ফলাফল আসে নি।’

জুয়েল বলেন, ‘চিকিৎসকরা তাঁকে বেড রেস্টে থাকতে বলেছেন। আর তিনিও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।’

রোববার (১৩ মার্চ) তুরস্ক থেকে বাংলাদেশে আসার পথে প্লেনের ভেতর পররাষ্ট্রমন্ত্রী অসুস্থবোধ করেন। পরে বিকেল তিনটার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত সোমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখান থেকে তুরস্কে দ্বিতীয় আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের এক গোলটেবিল বৈঠকে যোগ দিতে শুক্রবার আমিরাত থেকে আঙ্কারায় পৌঁছান ড. মোমেন।

জানা গেছে, তুরস্ক থেকে আসার পথে ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে পড়েন পররাষ্ট্রমন্ত্রী। তার নিয়মিত ঘুম হয়নি। তুরস্কে ঠাণ্ডা ছিল, দুবাইয়ে তাপমাত্রা বেশি ছিল। এসব কারণে তিনি অসুস্থবোধ করেন। তুরস্ক থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.