Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের উচ্চ মাত্রার সতর্কতা কানাডার

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৫

‘ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতি’র কারণে বাংলাদেশে কানাডিয়ানদের উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা সরকার।

গত মঙ্গলবার কানাডা সরকারের ওয়েবসাইটে বাংলাদেশ ভ্রমণ নিয়ে হালনাগাদ পরামর্শে বলা হয়েছে, ‘বাংলাদেশের জন্য দেশওয়ারি কোনো পরামর্শ নেই। তবে ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনাদের (কানাডিয়ানদের) উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করা উচিত।’

এতে আরো বলা হয়, ‘রাজনৈতিক সমাবেশ, দেশব্যাপী হরতাল (ধর্মঘট) ও সহিংস সংঘাত প্রায়ই ঘটছে এবং এটি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে।’

সহিংসতা ও অপহরণের কারণে কানাডিয়ানদের প্রয়োজন ছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে না যাওয়ার পরামর্শ বহাল রয়েছে।

কানাডা সরকারের ওয়েবসাইটে বাংলাদেশ ভ্রমণ পরামর্শে ‘সন্ত্রাস’ অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসের ঝুঁকি রয়েছে। গত সেপ্টেম্বর মাস থেকে ব্যক্তি ও গোষ্ঠীর ওপর বেশ কটি হামলা হয়েছে। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভেন্তসহ (আইএসআইএল) বিভিন্ন সহিংস চরমপন্থীগোষ্ঠী সেগুলোর দায় স্বীকার করেছে। ওই হামলাগুলোর বেশির ভাগই বিদেশিদের লক্ষ্য করে চালানো হয়েছে এবং গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দুজন বিদেশি নিহত হয়েছেন। ধর্মীয় সংখ্যালঘুদের ওপরও হামলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘গত নভেম্বর মাসে আইএসআইএলের গণমাধ্যমের এক প্রকাশনায় বাংলাদেশে আরো হামলা চালানোর ঘোষণা দেওয়া হয়। এতে উদ্দীপ্ত হয়ে আইএসআইএলের সঙ্গে সংহতি দেখাতে এ অঞ্চলের চরমপন্থী ব্যক্তি ও গোষ্ঠীগুলো হামলা চালাতে পারে।’  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.