Sylhet Today 24 PRINT

শিশু ইমন হত্যা: ৭ জনের প্রাণদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্র ইমন হোসেন হত্যা মামলায় ৭ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

রোববার (২০ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত  এ রায় দেয়।

দণ্ডিতরা হলেন, নাহিদ হাসান, সালমা, আহম্মদ আলী, মো. সিরাজ, সেন্টু মিয়া, খোরশেদ আলম ও হোসনে আরা।

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী জেসমিন আহম্মেদ।

তিনি জানান, ২০১৩ সালের জুনে ইমন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এর ৬ দিন পর বক্তাবলি এলাকার পরিত্যক্ত একটি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইমনের বাবা মো. ইসমাইল মামলা করেন। এজাহারে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ইমনকে হত্যা করা হয়। পরে তার মরদেহ নয় খণ্ড করে ফেলে রাখে আসামিরা।

সেই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত ৭ জনের ফাঁসির রায় দিয়েছেন। খালাস দেয়া হয়েছে তিন জনকে।

১৩ বছরের ইমন ফতুল্লার চরাঞ্চল বক্তাবলীর কানাইনগর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

রায় ঘোষণার সময় আদালতে দণ্ডিতদের মধ্যে দুজন উপস্থিত ছিল। বাকি পাঁচজন পলাতক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.