Sylhet Today 24 PRINT

স্বর্ণের দাম আরও কমল

সিলেটটুডে ডেস্ক: |  ২১ মার্চ, ২০২২

দেশের বাজারে আরও কিছুটা কমল স্বর্ণের দাম। এ যাত্রায় সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ ২২ ক্যারেটের দাম কমেছে ভরিতে এক হাজার ৪৯ টাকা। এ মানের স্বর্ণ এখন ৭৭ হাজার ৯৯ টাকা ভরি দরে বিক্রি হবে। মঙ্গলবার থেকে বাজারে নতুন দর কার্যকর হচ্ছে।

সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানায়।

আন্তর্জাতিক বাজার এবং দেশে বুলিয়ন বাজারে স্বর্ণের দাম কিছুটা কমে আসায় দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দুই দফা কমল স্বর্ণের দাম।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের স্বর্ণের দর প্রতি ভরি ৭৩ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেট ৬৩ হাজার ১০২ টাকা এবং সনাতনী স্বর্ণ ৫২ হাজার ৬০৪ টাকা ভরি দরে বিক্রি হবে। তবে রুপার দর এক হাজার ৫১৬ টাকায় অপরিবর্তিত থাকছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বুলিয়ন মার্কেটে খাঁটি স্বর্ণের সংকট দেখিয়ে চলতি মার্চ মার্সের শুরুর দিকে দুই দফায় স্বর্ণের দর ভরিতে চার হাজার ৩১৫ টাকা বাড়িয়েছিল বাজুস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.