Sylhet Today 24 PRINT

২৮ মার্চের হরতালে চলবে গণপরিবহন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০২২

বাম গণতান্ত্রিক জোটের ডাকা ২৮ মার্চের হরতালে গণপরিবহন বন্ধ থাকবে না বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাম গণতান্ত্রিক জোটের ডাকা ২৮ মার্চের হরতালের বিষয়ে বিকেলে ঢাকা সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে মালিক-শ্রমিকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

বিজ্ঞপ্তিতে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, অযৌক্তিক ও খোঁড়া অজুহাতে ডাকা এ হরতাল মালিক-শ্রমিকরা কখনো সমর্থন করে না। হরতাল উপেক্ষা করে আগামী ২৮ মার্চ ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলার সব রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। হরতালের দিন গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতাসহ ঢাকার প্রায় সব পরিবহন কোম্পানি এবং রুট মালিক সমিতির নেতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী সোমবার ডাকা সারা দেশে আধা বেলা হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের হরতালে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন সমর্থন জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.